খুঁজুন
মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ২২ বৈশাখ, ১৪৩৩

নিয়ম নেই, তবুও হলের দোকানে জরিমানা করছেন ডাকসু নেতারা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৫৯ অপরাহ্ণ
নিয়ম নেই, তবুও হলের দোকানে জরিমানা করছেন ডাকসু নেতারা

 

ঢাবি প্রতিনিধি :

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জয়ী নেতারা হলে নিজেদের কার্যক্রম শুরু করেছেন। অনেকেই বিভিন্ন হলের দোকানে স্বউদ্যোগে বা হল প্রশাসনকে মাধ্যম রেখে জরিমানাও করছেন।

 

তবে ডাকসুর গঠনতন্ত্র অনুযায়ী, ছাত্রনেতাদের এভাবে জরিমানা করার সুযোগ নেই। এসব তাদের কার্যক্রমের আওতাধীনও নয়।

হাজী মুহম্মদ মুহসীন হলে সমাজসেবা সম্পাদক পদে দায়িত্ব নিয়েছেন মোহাম্মদ সাইফুল্লাহ। তিনি হলের পাঁচটি দোকানে অভিযান চালিয়েছেন।

সামাজিক মাধ্যমে নিজের অভিযানের তথ্য তুলে ধরে তিনি লিখেছেন, দ্রুতই এসব দোকানগুলোর মালিকদের হল প্রশাসনের মাধ্যমে জরিমানার ব্যবস্থা করা হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

দোকানগুলো পুনরায় অস্বাস্থ্যকর বা পচা খাবার পরিবেশন করলে হল প্রশাসনের মাধ্যমে তাদের পাঁচ হাজার টাকা জরিমানা করা হবে বলে লিখিত নিয়েছেন তিনি।

বিভিন্ন হলে শিক্ষার্থীরা অনেকদিন ধরেই খাবারের সঙ্গে টেস্টিং সল্ট দেওয়ার বিরোধিতা করে আসছিলেন। মাস্টার দা সূর্যসেন হলের ক্যান্টিনে  অভিযান চালিয়ে খাবারে টেস্টিং সল্ট খুঁজে পাওয়ার দাবি করেছেন হলের ভিপি আজিজুল হক।

এ সময় তিনি ক্যান্টিন মালিকের সাথে বেশ উত্তপ্ত বাক্যবিনিময় করেন। ১৫ দিনের মধ্যে এসব সমস্যার সমাধান না হলে ক্যান্টিন ছাড়ার বিষয়ে ম্যানেজারকে প্রস্তুত থাকতে বলেন তিনি।

অভিযানের পর তা তুলে ধরে সামাজিক মাধ্যমে আজিজ লেখেন, সূর্যসেন হল ক্যান্টিন পরিদর্শনে গিয়ে আমরা বেশ কিছু অসঙ্গতি দেখতে পাই। যেমন খাবার পরিবেশন এবং রান্নার সময়ে কারও মাথায় কোনো ক্যাপ ছিল না। রান্নাঘরে কয়েকশ ফিল্টার ছিল এবং রান্নায় সময় সিগারেট খাওয়ার দৃশ্যও চোখে পড়ে।

তিনি লেখেন, হাফপ্যান্ট পরে কর্মচারীরা কাজ করছেন। এ ছাড়া এমন কিছু আইটেম তালিকাভুক্ত করা ছিল, যা সেদিন রান্নাই করা হয়নি। ডালের মধ্যে কোনো ডাল খুঁজে পাওয়া যায়নি।

এক কেজি টেস্টিং সল্ট পাওয়ায় ভিপি আজিজুল হক ওবায়দুল হক নামে এক দোকানদারকে তিন হাজার টাকা জরিমানা করেন। তিন দিনের মধ্যে অনাদায়ে তার দোকানের চুক্তিনামা বাতিলের জন্য তারা হল অফিসে সুপারিশ করবেন বলে জানান।

সার্জেন্ট জহুরুল হক হলের সমাজসেবা সম্পাদক জহির রায়হান টেস্টিং সল্ট ব্যবহারের কারণে এক দোকানদারকে দুই হাজার টাকা জরিমানা করেন এবং কারণ দর্শানোর নোটিশ দেন।

ডাকসুর গঠনতন্ত্র অনুযায়ী, নির্বাচিত প্রার্থীরা হলে শিক্ষার্থীদের মধ্যে চরিত্র, ব্যক্তিত্ব ও গুণাবলি তৈরির লক্ষ্যে বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম পরিচালনা করবেন। বিশেষ করে বিতর্ক আয়োজন, জার্নাল প্রকাশ, সামাজিক ও ধর্মীয় কার্যক্রম, খেলাধুলা আয়োজন করবেন।

এ ছাড়া হলের সভাপতি তথা প্রভোস্টের অনুমতিক্রমে তারা বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করতে পারবেন।

তাদের হলে এমন কার্যক্রম পরিচালনার এখতিয়ার নেই বলে মনে করছেন হল প্রভোস্টরাও। তারা বলছেন, শিক্ষার্থীদের কাজ হল প্রশাসনকে জানানো। তারা ব্যবস্থা নেবেন।

তবে নির্বাচনের আগে থেকেই শিক্ষার্থীরা প্রশাসনকে সহযোগিতা করেছেন বলে জানিয়েছেন হাজী মুহম্মদ মুহসীন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক সিরাজুল ইসলাম।

তিনি বলেন, আমার হলে যে ছেলেটি গিয়েছে, সে আগে থেকেই ভালো খাবার নিশ্চিতে ক্যান্টিন ও দোকান মালিকদের ওপর চাপ তৈরি করে প্রশাসনকে সহযোগিতা করেছে। আমাদের ক্যান্টিন মালিকরা যেসব খাবার বাচ্চাদের দেয়, তা খাওয়ার অযোগ্য। কিন্তু আমরা চেষ্টা করেও ব্যবস্থা নিতে পারিনি। তারা এখানে মালিকদের চাপে রাখে।

তিনি আরও বলেন, নির্বাচনের আগেই আমি নিজে থেকে বলেছি, তোমরা দেখো। নির্বাচনের আগে থেকেই তারা এ বিষয়গুলো দেখছে। সেদিনের তদারকির পর তারা আমাকে জানিয়েছে।

ফেব্রুয়ারিতে অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে : প্রধান উপদেষ্টা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ২:৫৯ অপরাহ্ণ
ফেব্রুয়ারিতে অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে : প্রধান উপদেষ্টা

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ সংসদ নির্বাচন আয়োজনের জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

নিউইয়র্কে স্থানীয় সময় সোমবার (২২ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত এবং ভারতের জন্য মনোনীত রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে বৈঠককালে তিনি এ কথা বলেন।

 

অধ্যাপক ইউনূস বলেন, ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ। এজন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ জন্য বাংলাদেশ সম্পূর্ণ প্রস্তুত।

বৈঠকে সার্জিও গোর প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করেন এবং যুক্তরাষ্ট্র বাংলাদেশের প্রতি সহায়তা অব্যাহত রাখবে বলে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

বৈঠকে বাণিজ্য, দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা, সার্ক পুনরুজ্জীবন, রোহিঙ্গা সংকট এবং ঢাকাকে লক্ষ্য করে পরিচালিত ভ্রান্ত তথ্য প্রচারসহ দ্বিপক্ষীয় ও আঞ্চলিক নানা ইস্যু নিয়ে আলোচনা হয়।

প্রধান উপদেষ্টা কক্সবাজারে বসবাসরত ১০ লাখেরও বেশি রোহিঙ্গার জন্য যুক্তরাষ্ট্রের অব্যাহত সহযোগিতা চান। এ সময় মার্কিন কর্মকর্তারা রোহিঙ্গাদের জন্য জীবনরক্ষাকারী সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।

বৈঠক শেষে প্রধান উপদেষ্টা সার্জিও গোরকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

দগ্ধ ফায়ার সার্ভিস সদস্যদের দেখে গেলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ২:৫৭ অপরাহ্ণ
দগ্ধ ফায়ার সার্ভিস সদস্যদের দেখে গেলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

গাজীপুরের টঙ্গীতে অগ্নিকাণ্ডে দগ্ধ ফায়ার সার্ভিসের তিন সদস্যের অবস্থাই আশঙ্কাজনক। তাদের চিকিৎসাসহ সব ধরনের সহযোগিতা সরকারের পক্ষ থেকে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

 

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি দুর্ঘটনায় দগ্ধ রোগীদের দেখতে যান তিনি।

এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দগ্ধদের যত ধরনের সাপোর্ট প্রয়োজন, সরকারের পক্ষ থেকে তা নেওয়া হচ্ছে। চিকিৎসায় কোনো অবহেলা হবে না।

কেমিক্যাল গোডাউন অপসারণ প্রসঙ্গে তিনি বলেন, পুরান ঢাকায় কেমিক্যাল দুর্ঘটনার পর সেসব গোডাউন মুন্সিগঞ্জের দিকে সরিয়ে নেওয়া হয়েছে। টঙ্গীর ঘটনাটি একটি দুর্ভাগ্যজনক দুর্ঘটনা। আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করা হবে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক ডা. নাসির উদ্দিন বলেন, বর্তমানে সেখানে ফায়ার সার্ভিসের তিন সদস্য ভর্তি আছেন। তাদের শরীরের ৪০ শতাংশের বেশি দগ্ধ হওয়ায় সবার অবস্থাই আশঙ্কাজনক। তাদের হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) রাখা হয়েছে।

তিনি আরও বলেন, দগ্ধ রোগীদের দেশের বাইরে নিলে ভালোও হতে পারে, আবার ঝুঁকিও থাকতে পারে। এজন্য বিষয়টি সমন্বিতভাবে সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে টঙ্গীর একই ঘটনায় দগ্ধ আলআমিন হোসেন বাবু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি আছেন। তার শরীরের ৯৫ শতাংশ পুড়ে যাওয়ায় অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

নিউইয়র্কে ন্যক্কারজনক হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: মুশফিকুল আনসারী

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ২:৫৬ অপরাহ্ণ
নিউইয়র্কে ন্যক্কারজনক হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: মুশফিকুল আনসারী

ঢাকা: মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের রাজনৈতিক সফর সঙ্গীদের ওপর পতিত স্বৈরাচারের দোসরদের ন্যক্কারজনক হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ফেসবুকে তিনি এ কথা লিখেছেন।

 

মুশফিকুল ফজল আনসারী লিখেছেন,
‘নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে একজন বর্ষীয়ান রাজনীতিবিদ, জুলাই আন্দোলনের এক বীর সেনানী এবং একজন মহিলা রাজনৈতিক নেত্রীর উপর জঙ্গী কায়দায় হামলে পড়া, নিশ্চয়ই যুক্তরাষ্ট্র প্রশাসন আমলে নিবে।

তিনি বলেন, আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের উপর যে নিন্দনীয় আক্রমণ চালানো হয়েছে, তা আমাকে ভীষণভাবে ব্যথিত করেছে। জাতিসংঘ সাধারণ অধিবেশনের এই সময়টা নিরাপত্তার দিক থেকে খুবই তাৎপর্যপুর্ন। অন্যদিকে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে আসা বাংলাদেশের সম্মানিত ব্যক্তিবর্গ সম্প্রতি বিভিন্ন জায়গায় পতিত স্বৈরাচারের সমর্থকদের হাতে আক্রমনের শিকার হয়েছেন। আমি নিশ্চিত, পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমার সহকর্মীরা এইসব ব্যপার সামনে রেখেই তাদের পরিকল্পনা সাজিয়েছিলেন। কিন্তু আমাকে অনেকে জানতে চেয়েছেন যে, বাংলাদেশ মিশনের পক্ষ থেকে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিলো কী না?

আমরা জাতি হিসেবে লড়াই করেছি গণতন্ত্র ও মানবাধিকারের জন্য, আর আজ এমন সময়ে এসে যদি আমাদের নেতাদের নিরাপত্তা নিশ্চিত করা না যায়-তাহলে সেটি কেবল অবহেলা নয়, ইতিহাসের কাছে এক অমার্জনীয় ব্যর্থতা।

এই হামলা শুধু ব্যক্তির উপর নয়, এটি বাংলাদেশের মর্যাদা, আমাদের গণতান্ত্রিক অঙ্গীকার এবং একটি নতুন পথচলার উপরও হামলা। ’

নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিনিধি দলের সদস্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেছেন বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের যুক্তরাষ্ট্র শাখার নেতাকর্মীরা।

বাংলাদেশ সময় মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত ১টার সময় যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর টার্মিনালে এ ঘটনা ঘটে।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে গেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

তার সফরসঙ্গী হয়েছেন ছয়জন রাজনৈতিক নেতা। তারা হলেন- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং জামায়াতের সাবেক আমির মতিউর রহমান নিজামীর ছেলে ড. নকিবুর রহমান তারেক, যিনি যুক্তরাষ্ট্র থেকেই প্রতিনিধিদলে যোগ দেবেন।