খুঁজুন
মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ২২ বৈশাখ, ১৪৩৩

এআই চ্যাটবটকে যে ১০ তথ্য কখনোই দেবেন না

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ১১:১৭ অপরাহ্ণ
এআই চ্যাটবটকে যে ১০ তথ্য কখনোই দেবেন না

 

তথ্যপ্রযুক্তি ডেস্ক :

কোনো বার্তা বা ইমেইলের খসড়া করা, বিভিন্ন প্রশ্নের উত্তর খোঁজা কিংবা একাকিত্বে আলাপচারিতা—এমন নানা কাজে মানুষ এখন চ্যাটজিপিটি বা অনুরূপ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবটের সহায়তা নিচ্ছে। মানুষেরই মতো উত্তর দেওয়ার ক্ষমতার কারণে চ্যাটবটকে জনপ্রিয়তাও পাচ্ছে।

তবে প্রযুক্তি বিশেষজ্ঞরা সতর্ক করেছেন—চ্যাটবট ব্যবহারে অসাবধানতা নানা ঝুঁকিও তৈরি করতে পারে।

 

কোনো এআই চ্যাটবটের সঙ্গে ব্যবহারকারীর আলাপ কখনোই পুরোপুরি গোপন নয়। ব্যবহারকারী যা বলছেন বা করতে নির্দেশ দিচ্ছেন, তা সংরক্ষণ বা বিশ্লেষণ করা হতে পারে, এমনকি ভবিষ্যতে ফাঁসও হয়ে যেতে পারে। তাই কিছু তথ্য কখনোই এআই চ্যাটবটের সঙ্গে ভাগ করা উচিত নয়।

১. ব্যক্তিগত তথ্য
আপনার পুরো নাম, বাসার ঠিকানা, ফোন নম্বর কিংবা ই-মেইল—আলাদাভাবে নিরীহ মনে হলেও একত্র করলে এগুলো দিয়ে সহজেই অনলাইন পরিচয় শনাক্ত করা সম্ভব। এই তথ্য ফাঁস হলে প্রতারণা, ফিশিং আক্রমণ বা এমনকি শারীরিক ট্র্যাকিংয়ের ঝুঁকিও বাড়ে।

২. আর্থিক তথ্য
ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, ক্রেডিট কার্ডের বিবরণ বা জাতীয় পরিচয়পত্র নম্বরের মতো তথ্য সাইবার অপরাধীদের কাছে অত্যন্ত মূল্যবান। চ্যাটবটে শেয়ার করলে তা অপব্যবহারের শিকার হতে পারে।

৩. পাসওয়ার্ড
কোনো অবস্থাতেই চ্যাটবটে পাসওয়ার্ড শেয়ার করবেন না। এতে ই-মেইল, ব্যাংক বা সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঝুঁকি তৈরি হয়। নিরাপদ পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করাই উত্তম।

৪. গোপন কথা বা স্বীকারোক্তি
অনেকেই একাকিত্বে চ্যাটবটকে মনের কথা বলেন। কিন্তু এআই কোনো বন্ধু বা চিকিৎসক নয়। আপনার শেয়ার করা তথ্য সংরক্ষণ হয়ে ভবিষ্যতে ব্যবহৃত বা ফাঁস হয়ে যেতে পারে।

৫. স্বাস্থ্য বা চিকিৎসাসংক্রান্ত তথ্য
চিকিৎসা বিষয়ক তথ্য চ্যাটবটের কাছে জানতে চাওয়া নিরাপদ নয়। প্রেসক্রিপশন, চিকিৎসার ইতিহাস বা বিমা–সংক্রান্ত তথ্য শেয়ার করলে তা চুরি হয়ে যেতে পারে। স্বাস্থ্য সমস্যায় সর্বদা যোগ্য চিকিৎসকের পরামর্শ নিন।

৬. অশ্লীল বা আপত্তিকর বিষয়বস্তু
যৌন বা অবমাননাকর আলাপ, বেআইনি তথ্য বা আপত্তিকর কনটেন্ট চ্যাটবটে শেয়ার করলে তা রেকর্ড হয়ে ভবিষ্যতে সমস্যায় ফেলতে পারে।

৭. কর্মস্থলের গোপনীয় তথ্য
ব্যবসায়িক কৌশল, নথিপত্র বা পরিকল্পনা চ্যাটবটে পেস্ট করলে তা বাইরে ফাঁস হয়ে প্রতিষ্ঠানের জন্য ঝুঁকি তৈরি করতে পারে।

৮. আইনি জটিলতা বা মামলা
চুক্তি, মামলা বা আইনি বিবাদসংক্রান্ত পরামর্শের জন্য কখনো চ্যাটবটের ওপর নির্ভর করা ঠিক নয়। ভুল বা অসম্পূর্ণ তথ্য ভবিষ্যতে আইনি বিপদ ডেকে আনতে পারে।

৯. সংবেদনশীল ছবি বা নথি
পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স কিংবা ব্যক্তিগত ছবি কখনোই চ্যাটবটে আপলোড করা উচিত নয়। এগুলো চুরি হয়ে পরিচয় জালিয়াতির মতো বড় সমস্যা তৈরি করতে পারে।

১০. যা আপনি অনলাইনে দেখতে চান না
যে কোনো তথ্য, ছবি বা লেখা যদি আপনি চান না ভবিষ্যতে অনলাইনে ছড়িয়ে পড়ুক, তাহলে সেটি চ্যাটবটে শেয়ার করবেন না।

এআই চ্যাটবটের সঙ্গে আলাপ যতই স্বাভাবিক মনে হোক, ব্যবহারকালে সতর্ক থাকা জরুরি।

ফেব্রুয়ারিতে অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে : প্রধান উপদেষ্টা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ২:৫৯ অপরাহ্ণ
ফেব্রুয়ারিতে অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে : প্রধান উপদেষ্টা

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ সংসদ নির্বাচন আয়োজনের জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

নিউইয়র্কে স্থানীয় সময় সোমবার (২২ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত এবং ভারতের জন্য মনোনীত রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে বৈঠককালে তিনি এ কথা বলেন।

 

অধ্যাপক ইউনূস বলেন, ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ। এজন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ জন্য বাংলাদেশ সম্পূর্ণ প্রস্তুত।

বৈঠকে সার্জিও গোর প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করেন এবং যুক্তরাষ্ট্র বাংলাদেশের প্রতি সহায়তা অব্যাহত রাখবে বলে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

বৈঠকে বাণিজ্য, দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা, সার্ক পুনরুজ্জীবন, রোহিঙ্গা সংকট এবং ঢাকাকে লক্ষ্য করে পরিচালিত ভ্রান্ত তথ্য প্রচারসহ দ্বিপক্ষীয় ও আঞ্চলিক নানা ইস্যু নিয়ে আলোচনা হয়।

প্রধান উপদেষ্টা কক্সবাজারে বসবাসরত ১০ লাখেরও বেশি রোহিঙ্গার জন্য যুক্তরাষ্ট্রের অব্যাহত সহযোগিতা চান। এ সময় মার্কিন কর্মকর্তারা রোহিঙ্গাদের জন্য জীবনরক্ষাকারী সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।

বৈঠক শেষে প্রধান উপদেষ্টা সার্জিও গোরকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

দগ্ধ ফায়ার সার্ভিস সদস্যদের দেখে গেলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ২:৫৭ অপরাহ্ণ
দগ্ধ ফায়ার সার্ভিস সদস্যদের দেখে গেলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

গাজীপুরের টঙ্গীতে অগ্নিকাণ্ডে দগ্ধ ফায়ার সার্ভিসের তিন সদস্যের অবস্থাই আশঙ্কাজনক। তাদের চিকিৎসাসহ সব ধরনের সহযোগিতা সরকারের পক্ষ থেকে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

 

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি দুর্ঘটনায় দগ্ধ রোগীদের দেখতে যান তিনি।

এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দগ্ধদের যত ধরনের সাপোর্ট প্রয়োজন, সরকারের পক্ষ থেকে তা নেওয়া হচ্ছে। চিকিৎসায় কোনো অবহেলা হবে না।

কেমিক্যাল গোডাউন অপসারণ প্রসঙ্গে তিনি বলেন, পুরান ঢাকায় কেমিক্যাল দুর্ঘটনার পর সেসব গোডাউন মুন্সিগঞ্জের দিকে সরিয়ে নেওয়া হয়েছে। টঙ্গীর ঘটনাটি একটি দুর্ভাগ্যজনক দুর্ঘটনা। আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করা হবে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক ডা. নাসির উদ্দিন বলেন, বর্তমানে সেখানে ফায়ার সার্ভিসের তিন সদস্য ভর্তি আছেন। তাদের শরীরের ৪০ শতাংশের বেশি দগ্ধ হওয়ায় সবার অবস্থাই আশঙ্কাজনক। তাদের হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) রাখা হয়েছে।

তিনি আরও বলেন, দগ্ধ রোগীদের দেশের বাইরে নিলে ভালোও হতে পারে, আবার ঝুঁকিও থাকতে পারে। এজন্য বিষয়টি সমন্বিতভাবে সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে টঙ্গীর একই ঘটনায় দগ্ধ আলআমিন হোসেন বাবু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি আছেন। তার শরীরের ৯৫ শতাংশ পুড়ে যাওয়ায় অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

নিউইয়র্কে ন্যক্কারজনক হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: মুশফিকুল আনসারী

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ২:৫৬ অপরাহ্ণ
নিউইয়র্কে ন্যক্কারজনক হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: মুশফিকুল আনসারী

ঢাকা: মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের রাজনৈতিক সফর সঙ্গীদের ওপর পতিত স্বৈরাচারের দোসরদের ন্যক্কারজনক হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ফেসবুকে তিনি এ কথা লিখেছেন।

 

মুশফিকুল ফজল আনসারী লিখেছেন,
‘নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে একজন বর্ষীয়ান রাজনীতিবিদ, জুলাই আন্দোলনের এক বীর সেনানী এবং একজন মহিলা রাজনৈতিক নেত্রীর উপর জঙ্গী কায়দায় হামলে পড়া, নিশ্চয়ই যুক্তরাষ্ট্র প্রশাসন আমলে নিবে।

তিনি বলেন, আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের উপর যে নিন্দনীয় আক্রমণ চালানো হয়েছে, তা আমাকে ভীষণভাবে ব্যথিত করেছে। জাতিসংঘ সাধারণ অধিবেশনের এই সময়টা নিরাপত্তার দিক থেকে খুবই তাৎপর্যপুর্ন। অন্যদিকে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে আসা বাংলাদেশের সম্মানিত ব্যক্তিবর্গ সম্প্রতি বিভিন্ন জায়গায় পতিত স্বৈরাচারের সমর্থকদের হাতে আক্রমনের শিকার হয়েছেন। আমি নিশ্চিত, পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমার সহকর্মীরা এইসব ব্যপার সামনে রেখেই তাদের পরিকল্পনা সাজিয়েছিলেন। কিন্তু আমাকে অনেকে জানতে চেয়েছেন যে, বাংলাদেশ মিশনের পক্ষ থেকে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিলো কী না?

আমরা জাতি হিসেবে লড়াই করেছি গণতন্ত্র ও মানবাধিকারের জন্য, আর আজ এমন সময়ে এসে যদি আমাদের নেতাদের নিরাপত্তা নিশ্চিত করা না যায়-তাহলে সেটি কেবল অবহেলা নয়, ইতিহাসের কাছে এক অমার্জনীয় ব্যর্থতা।

এই হামলা শুধু ব্যক্তির উপর নয়, এটি বাংলাদেশের মর্যাদা, আমাদের গণতান্ত্রিক অঙ্গীকার এবং একটি নতুন পথচলার উপরও হামলা। ’

নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিনিধি দলের সদস্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেছেন বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের যুক্তরাষ্ট্র শাখার নেতাকর্মীরা।

বাংলাদেশ সময় মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত ১টার সময় যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর টার্মিনালে এ ঘটনা ঘটে।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে গেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

তার সফরসঙ্গী হয়েছেন ছয়জন রাজনৈতিক নেতা। তারা হলেন- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং জামায়াতের সাবেক আমির মতিউর রহমান নিজামীর ছেলে ড. নকিবুর রহমান তারেক, যিনি যুক্তরাষ্ট্র থেকেই প্রতিনিধিদলে যোগ দেবেন।