খুঁজুন
মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ২২ বৈশাখ, ১৪৩৩

লোহিত সাগরে ক্যাবল কাটা, মধ্যপ্রাচ্য-দ. এশিয়ায় ইন্টারনেট বিভ্রাট

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ১১:২১ অপরাহ্ণ
লোহিত সাগরে ক্যাবল কাটা, মধ্যপ্রাচ্য-দ. এশিয়ায় ইন্টারনেট বিভ্রাট

 

তথ্যপ্রযুক্তি ডেস্ক :

সমুদ্রের তলদেশে একাধিক ক্যাবল কাটা পড়ার পর মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ায় ইন্টারনেট বিভ্রাটের ঘটনা ঘটেছে।   এ তথ্য জানিয়েছে প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট।

 

গাজা উপত্যকায় যুদ্ধ চলাকালে মাইক্রোসফটের সঙ্গে ইসরায়েলের ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে সমালোচনা চলছে। প্রতিষ্ঠানটির রোববার দেওয়া এক বিবৃতিতে ক্যাবল কেটে যাওয়ার কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

ওয়েবসাইটে প্রকাশিত এক স্ট্যাটাস আপডেটে মাইক্রোসফট জানায়, লোহিত সাগরে সমুদ্রতলদেশীয় ফাইবার ক্যাবল কেটে যাওয়ার কারণে মধ্যপ্রাচ্যের মধ্য দিয়ে যাওয়া নেটওয়ার্ক ট্রাফিকের বিলম্ব হতে পারে।

বিশ্বব্যাপী সফটওয়্যার জায়ান্টটি আরও জানিয়েছে, এ ঘটনায় তাদের অ্যাজুর ক্লাউড কম্পিউটিং সেবায় প্রভাব পড়েছে, অ্যামাজনের পর যা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম প্ল্যাটফরম। তবে সাধারণ নেটওয়ার্ক ট্রাফিকে কোনো প্রভাব পড়েনি বলে জানিয়েছে কম্পানিটি।

বিবৃতিতে আরো বলা হয়েছে, যে নেটওয়ার্ক ট্রাফিক মধ্যপ্রাচ্যের মধ্য দিয়ে যায় না, সেটি প্রভাবিত হয়নি। পরিস্থিতি পরিবর্তন হলে অথবা প্রতিদিন আমরা আপডেট দিতে থাকব।

মাইক্রোসফট জানিয়েছে, গ্রিনিচ মান সময় শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ভোর ৫টা ৪৫ মিনিট থেকে এ বিভ্রাট শুরু হয়।

এদিকে ইন্টারনেট সংযোগ পর্যবেক্ষণ সংস্থা নেটব্লকস জানিয়েছে, সৌদি আরব, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত, ভারতসহ কয়েকটি দেশে ইন্টারনেট সংযোগের ‘অবনতি’ হয়েছে, যার ফলে ‘গতি কমে গেছে এবং মাঝে মাঝে সংযোগ বিচ্ছিন্ন হচ্ছে’। সৌদি আরবের জেদ্দার কাছে এসএমডব্লিউ৪ ও আইএমইডব্লিউ কেবল সিস্টেমে ত্রুটির কারণে এ সমস্যা হয়েছে। হুতি নিয়ন্ত্রিত আল মাসিরাহ টিভিও রোববার সকালে নেটব্লকসের উদ্ধৃতি দিয়ে কেবল কাটার বিষয়টি নিশ্চিত করেছে।

এছাড়া পাকিস্তানের অন্যতম বৃহৎ টেলিকম সেবা প্রদানকারী পাকিস্তান টেলিকমিউনিকেশনস এক্সে এক বিবৃতিতে গ্রাহকদের সতর্ক করেছে, দেশটির ইন্টারনেট ব্যবহারকারীরা পিক আওয়ারে কিছু অবনতি অনুভব করতে পারে। তাদের আন্তর্জাতিক অংশীদাররা সমস্যার সমাধানে কাজ করছে।

সমুদ্রতলদেশীয় কেবল ইন্টারনেটের মূলভিত্তি, যা বৈশ্বিক ডেটা ট্রাফিক বহন করে। এশিয়া ও ইউরোপকে সংযুক্ত করার ক্ষেত্রে মধ্যপ্রাচ্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। এগুলো জাহাজের নোঙরের আঘাতে ক্ষতিগ্রস্ত হতে পারে, আবার হামলার লক্ষ্যও হতে পারে, যা ব্যাপক বিভ্রাট ঘটাতে পারে।

২০২৪ সালের শুরুতে নির্বাসিত ইয়েমেন সরকার অভিযোগ করেছিল, হুতি লোহিত সাগরে সমুদ্রতলদেশীয় কেবলে হামলার পরিকল্পনা করছে। কয়েকটি কেবল কাটা হলেও হুতি এর দায় অস্বীকার করে।

দ্য গার্ডিয়ান, প্লাস ৯৭২ ম্যাগাজিন ও লোকাল কলের এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, মাইক্রোসফটের অ্যাজুর ইসরায়েলের সামরিক বাহিনীর জন্য ফিলিস্তিনের পশ্চিম তীর ও গাজা উপত্যকায় আটকানো ফোনকলসহ নানা তথ্য সংরক্ষণ করে আসছে।

অন্যদিকে মাইক্রোসফট বলছে, তাদের জানা ছিল না যে ইসরায়েলের সাইবার গোয়েন্দা বিভাগ ইউনিট ৮২০০ গণ-নজরদারির মাধ্যমে সংগৃহীত উপকরণের জন্য তাদের ক্লাউড সেবা ব্যবহার করছে। তবে আগস্টে প্রতিষ্ঠানটি তদন্ত শুরু করে। এছাড়া মাইক্রোসফট চার কর্মীকে চাকরিচ্যুত করেছে, যারা প্রতিষ্ঠানটির ইসরায়েলের সঙ্গে সম্পর্কের প্রতিবাদে অফিস প্রাঙ্গণে বিক্ষোভে অংশ নিয়েছিল।

ফেব্রুয়ারিতে অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে : প্রধান উপদেষ্টা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ২:৫৯ অপরাহ্ণ
ফেব্রুয়ারিতে অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে : প্রধান উপদেষ্টা

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ সংসদ নির্বাচন আয়োজনের জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

নিউইয়র্কে স্থানীয় সময় সোমবার (২২ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত এবং ভারতের জন্য মনোনীত রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে বৈঠককালে তিনি এ কথা বলেন।

 

অধ্যাপক ইউনূস বলেন, ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ। এজন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ জন্য বাংলাদেশ সম্পূর্ণ প্রস্তুত।

বৈঠকে সার্জিও গোর প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করেন এবং যুক্তরাষ্ট্র বাংলাদেশের প্রতি সহায়তা অব্যাহত রাখবে বলে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

বৈঠকে বাণিজ্য, দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা, সার্ক পুনরুজ্জীবন, রোহিঙ্গা সংকট এবং ঢাকাকে লক্ষ্য করে পরিচালিত ভ্রান্ত তথ্য প্রচারসহ দ্বিপক্ষীয় ও আঞ্চলিক নানা ইস্যু নিয়ে আলোচনা হয়।

প্রধান উপদেষ্টা কক্সবাজারে বসবাসরত ১০ লাখেরও বেশি রোহিঙ্গার জন্য যুক্তরাষ্ট্রের অব্যাহত সহযোগিতা চান। এ সময় মার্কিন কর্মকর্তারা রোহিঙ্গাদের জন্য জীবনরক্ষাকারী সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।

বৈঠক শেষে প্রধান উপদেষ্টা সার্জিও গোরকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

দগ্ধ ফায়ার সার্ভিস সদস্যদের দেখে গেলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ২:৫৭ অপরাহ্ণ
দগ্ধ ফায়ার সার্ভিস সদস্যদের দেখে গেলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

গাজীপুরের টঙ্গীতে অগ্নিকাণ্ডে দগ্ধ ফায়ার সার্ভিসের তিন সদস্যের অবস্থাই আশঙ্কাজনক। তাদের চিকিৎসাসহ সব ধরনের সহযোগিতা সরকারের পক্ষ থেকে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

 

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি দুর্ঘটনায় দগ্ধ রোগীদের দেখতে যান তিনি।

এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দগ্ধদের যত ধরনের সাপোর্ট প্রয়োজন, সরকারের পক্ষ থেকে তা নেওয়া হচ্ছে। চিকিৎসায় কোনো অবহেলা হবে না।

কেমিক্যাল গোডাউন অপসারণ প্রসঙ্গে তিনি বলেন, পুরান ঢাকায় কেমিক্যাল দুর্ঘটনার পর সেসব গোডাউন মুন্সিগঞ্জের দিকে সরিয়ে নেওয়া হয়েছে। টঙ্গীর ঘটনাটি একটি দুর্ভাগ্যজনক দুর্ঘটনা। আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করা হবে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক ডা. নাসির উদ্দিন বলেন, বর্তমানে সেখানে ফায়ার সার্ভিসের তিন সদস্য ভর্তি আছেন। তাদের শরীরের ৪০ শতাংশের বেশি দগ্ধ হওয়ায় সবার অবস্থাই আশঙ্কাজনক। তাদের হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) রাখা হয়েছে।

তিনি আরও বলেন, দগ্ধ রোগীদের দেশের বাইরে নিলে ভালোও হতে পারে, আবার ঝুঁকিও থাকতে পারে। এজন্য বিষয়টি সমন্বিতভাবে সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে টঙ্গীর একই ঘটনায় দগ্ধ আলআমিন হোসেন বাবু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি আছেন। তার শরীরের ৯৫ শতাংশ পুড়ে যাওয়ায় অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

নিউইয়র্কে ন্যক্কারজনক হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: মুশফিকুল আনসারী

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ২:৫৬ অপরাহ্ণ
নিউইয়র্কে ন্যক্কারজনক হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: মুশফিকুল আনসারী

ঢাকা: মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের রাজনৈতিক সফর সঙ্গীদের ওপর পতিত স্বৈরাচারের দোসরদের ন্যক্কারজনক হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ফেসবুকে তিনি এ কথা লিখেছেন।

 

মুশফিকুল ফজল আনসারী লিখেছেন,
‘নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে একজন বর্ষীয়ান রাজনীতিবিদ, জুলাই আন্দোলনের এক বীর সেনানী এবং একজন মহিলা রাজনৈতিক নেত্রীর উপর জঙ্গী কায়দায় হামলে পড়া, নিশ্চয়ই যুক্তরাষ্ট্র প্রশাসন আমলে নিবে।

তিনি বলেন, আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের উপর যে নিন্দনীয় আক্রমণ চালানো হয়েছে, তা আমাকে ভীষণভাবে ব্যথিত করেছে। জাতিসংঘ সাধারণ অধিবেশনের এই সময়টা নিরাপত্তার দিক থেকে খুবই তাৎপর্যপুর্ন। অন্যদিকে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে আসা বাংলাদেশের সম্মানিত ব্যক্তিবর্গ সম্প্রতি বিভিন্ন জায়গায় পতিত স্বৈরাচারের সমর্থকদের হাতে আক্রমনের শিকার হয়েছেন। আমি নিশ্চিত, পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমার সহকর্মীরা এইসব ব্যপার সামনে রেখেই তাদের পরিকল্পনা সাজিয়েছিলেন। কিন্তু আমাকে অনেকে জানতে চেয়েছেন যে, বাংলাদেশ মিশনের পক্ষ থেকে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিলো কী না?

আমরা জাতি হিসেবে লড়াই করেছি গণতন্ত্র ও মানবাধিকারের জন্য, আর আজ এমন সময়ে এসে যদি আমাদের নেতাদের নিরাপত্তা নিশ্চিত করা না যায়-তাহলে সেটি কেবল অবহেলা নয়, ইতিহাসের কাছে এক অমার্জনীয় ব্যর্থতা।

এই হামলা শুধু ব্যক্তির উপর নয়, এটি বাংলাদেশের মর্যাদা, আমাদের গণতান্ত্রিক অঙ্গীকার এবং একটি নতুন পথচলার উপরও হামলা। ’

নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিনিধি দলের সদস্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেছেন বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের যুক্তরাষ্ট্র শাখার নেতাকর্মীরা।

বাংলাদেশ সময় মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত ১টার সময় যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর টার্মিনালে এ ঘটনা ঘটে।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে গেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

তার সফরসঙ্গী হয়েছেন ছয়জন রাজনৈতিক নেতা। তারা হলেন- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং জামায়াতের সাবেক আমির মতিউর রহমান নিজামীর ছেলে ড. নকিবুর রহমান তারেক, যিনি যুক্তরাষ্ট্র থেকেই প্রতিনিধিদলে যোগ দেবেন।